Thursday, June 17, 2010

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে(বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া )। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এখন শুরু হয়েছে ভোট গণনার কাজ।
এবার মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী (জাহাজ মার্কা) আর বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম (আনারস মার্কা)।
আজ নগরের ৬৭৩টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে যায়।
সকাল সাড়ে আটটার দিকে নগরের পাঁচলাইশ থানার পাশে আহম্মেদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রামের মেয়র হিসেবে পুননির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। যে পরিবেশে ভোট গ্রহণ চলছে, তাতে আমি সন্তুষ্ট। এভাবে ভোট গ্রহণ চললে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
নগরের উত্তর কাট্টলী হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম। তিনি বলেন, ‘ভোট গ্রহণ শুরুর প্রথম দেড় ঘণ্টায় কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এমন নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
তবে ওই সময় মনজুর আলমের সঙ্গে থাকা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, নগরের হাজিপাড়া, ঝর্ণাপাড়াসহ কয়েকটি স্থানের ভোটকেন্দ্রে নারী পোলিং এজেন্টরা ঢুকতে পারছেন না। তাঁদের বাধা দেওয়া হচ্ছে।
দুপুরে চট্টগ্রাম নগরে দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে একজন মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রভার বিস্তার করার অভিযোগ উঠলে তপন কুমার বড়ুয়া নামের একজন পোলিং কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। ওই কেন্দ্রে একজন নারী ভোটার তপনকে তাঁর পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। কিন্তু তপন তা না করে নিজের মতো করে তাঁর পছন্দের প্রতীকে ভোট দেন। এ অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তপনকে পুলিশ হেফাজতে রাখা হয়। এর আগে ওই কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার-পাঁচজন আহত হন।
দেশে নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হয়েছে। নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডে এ পদ্ধতিতে ভোট দেন ভোটররা। কোনো ধরনের বিপত্তি ছাড়াই ভোটগ্রহণ চলে।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, মনজুর আলমের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে বায়েজীদ থানার পলিটেকনিক কেন্দ্র ও নাসিরাবাদ হাইস্কুল কেন্দ্র থেকে মেয়র পদপ্রার্থী মনজুর আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে চট্টগ্রাম মেট্রো-গ-১১-১৪৬৪ মাইক্রোবাসে করে পুলিশের পোশাকপরা লোকজন মনজুরকে ভোট না দিতে বলে ভয়ভীতি দেখিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর অভিযোগ, পূর্ব নাসিরাবাদ আবদুল জলিল স্কুল কেন্দ্রে সন্ত্রাসীরা ভোটারদের ভয় দেখায়।

No comments:

Post a Comment